বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২৭তম ব্যাচের নব-নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চার মাস মেয়াদী ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জন্য তথ্য এন্ট্রি ও আবেদন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এ প্রশিক্ষণ কোর্স শুরু হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক এস এম সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজস্ব খাতের অধীন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২৭তম ব্যাচের নব-নিয়োগকৃত কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আবেদনের শেষ সময় ৩ ফেব্রুয়ারি দুপুর ১টা পর্যন্ত। কর্মকর্তাদের নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/JJnN9RjCPITAL5xB7) তথ্য প্রদান করতে হবে।
মাউশির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে এই কোর্সটি চলবে ১৬ জুন পর্যন্ত।
এতে বলা হয়, নির্ধারিত গুগল ফর্মে তথ্য প্রদানের সময় বাধ্যতামূলকভাবে ‘নিকশ’ ফন্ট ব্যবহার করতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, শুধুমাত্র ২৭তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা (মা প্রশিক্ষণার্থী ব্যতীত) এ তথ্যাদি পূরণ করবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের তাদের দফতরে কর্মরত বুনিয়াদী প্রশিক্ষণবিহীন কর্মকর্তাদের তথ্য পূরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। বাসস



