এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

ঢাকা শিক্ষাবোর্ডের নয়জন, রাজশাহী শিক্ষাবোর্ডের সাতজন, কুমিল্লা শিক্ষাবোর্ডের ২০ জন, যশোর শিক্ষাবোর্ডের আটজন, সিলেট শিক্ষাবোর্ডের দু’জন, বরিশাল শিক্ষাবোর্ডের ১০ জন, দিনাজপুর বোর্ডের ১৮ জন ও ময়মনসিংহ বোর্ডের ১০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে বহিষ্কার হয়েছেন ৯৫ পরীক্ষার্থী।

পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডেই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮০ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও মাদরাসায় তিনজন ও কারিগরি বোর্ডে ১২ জন বহিষ্কার হয়েছেন। এদিন এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার দুই দশমিক ৬২ শতাংশ।

বুধবার (৮ জুলাই) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আজ আটটি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন নয় লাখ ৬ হাজার ৯২৩ জন। এক হাজার ৫০৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আট লাখ ৮৩ হাজার ১৮৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী।

এদিন ঢাকা শিক্ষাবোর্ডের নয়জন, রাজশাহী শিক্ষাবোর্ডের সাতজন, কুমিল্লা শিক্ষাবোর্ডের ২০ জন, যশোর শিক্ষাবোর্ডের আটজন, সিলেট শিক্ষাবোর্ডের দু’জন, বরিশাল শিক্ষাবোর্ডের ১০ জন, দিনাজপুর বোর্ডের ১৮ জন ও ময়মনসিংহ বোর্ডের ১০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ছয় হাজার ৬৯, রাজশাহী বোর্ডে তিন হাজার ৬৭৬, কুমিল্লা বোর্ডের দুই হাজার ৪২৭, যশোর বোর্ডে তিন হাজার ৪২৯, সিলেট বোর্ডের এক হাজার ৫৪৮, বরিশাল বোর্ডে এক হাজার ৭১৯, দিনাজপুর বোর্ডে তিন হাজার ৩৪ ও ময়মনসিংহ বোর্ডে এক হাজার ৮৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন চার হাজার ৯৫৮ জন। সারা দেশের ৪২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৭৪ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তবে অংশ নেন ৬৯ হাজার ৮১৭ জন পরীক্ষাথী। অনুপস্থিতির হার ছয় দশমিক ৬৩ শতাংশ।

এদিনে কারিগরি শিক্ষা বোর্ডের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এবং পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অসদুপায় অবলম্বন করায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন দুই হাজার ৮১৬ জন। সারা দেশের ৫৮২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৮১ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নেন ৭৮ হাজার ৩১৫ জন। অনুপস্থিতির হার তিন দশমিক ৪৭ শতাংশ।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন সব জেলার আজ বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাসস