ডুয়েটের অগ্রগতিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস

দেশের টেকসই উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার উৎকর্ষ সাধনে ডুয়েটের ভূমিকা আরো জোরদার করতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
শিক্ষা উপদেষ্টার সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন
শিক্ষা উপদেষ্টার সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন |নয়া দিগন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং সার্বিক অগ্রগতির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

সোমবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম, ভূমি সম্প্রসারণ, বাজেট বরাদ্দ এবং প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মো: জিয়াউল হক জানান, বৈঠকে ভিসি বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রগতি তুলে ধরেন। তিনি শৃঙ্খলাপূর্ণ শিক্ষাব্যবস্থা, সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, উন্নত গবেষণা সুবিধা এবং আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার বিষয়গুলো তুলে ধরেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ডুয়েটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে ভিসি আগামী ১ সেপ্টেম্বর ডুয়েটের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডুয়েট ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান, যা শিক্ষা উপদেষ্টা সানন্দে গ্রহণ করেন।

ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘দেশের টেকসই উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার উৎকর্ষ সাধনে ডুয়েটের ভূমিকা আরো জোরদার করতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় ডুয়েটকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।