শিক্ষার্থীশূন্য ১১২ কারিগরি প্রতিষ্ঠানের ভর্তি স্থগিত, অনুমোদন বাতিলের আল্টিমেটাম

আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম স্থগিতসহ পাঠদানের অনুমোদন বাতিল করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড |সংগৃহীত

বিগত পাঁচ বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় কারিগরি স্তরের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনাকারী ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড।

আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম স্থগিতসহ পাঠদানের অনুমোদন বাতিল করা হবে।

মঙ্গলবার (৭ জুলাই) কারিগরি বোর্ডের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনাকারী ১১২টি প্রতিষ্ঠান বিগত পাঁচ বছর যাবৎ কোনো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। এ ব্যর্থতার কারণে কেন আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম স্থগিত করাসহ পাঠদানের অনুমোদন বাতিল করা হবে না, তা নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ মোতাবেক- নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড যেকোনো প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করতে পারবে। বাসস