রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো ফার্মেসি সেবা চালু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসের ভেতরেই প্রয়োজনীয় দেশী-বিদেশী ওষুধ সংগ্রহ করতে পারবেন।
শুক্রবার (৮ মে) বিকেলে ইবলিশ চত্বর সংলগ্ন এলাকায় ‘মতিহার ফার্মা’ নামে ফার্মেসিটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে এবারই প্রথম ক্যাম্পাসে ফার্মেসি স্থাপিত হলো। এটি রাকসুর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘ক্যাম্পাসে দীর্ঘদিন ধরেই একটি ফার্মেসির প্রয়োজন ছিল। প্রশাসনের সহযোগিতায় সেই ঘাটতি পূরণ হয়েছে।’
প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, ‘বিশেষ করে ছাত্রীদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। জরুরি ওষুধের জন্য এখন আর ক্যাম্পাসের বাইরে যেতে হবে না। তারা দ্রুত এখানে এসে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন। এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য রাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ওষুধের দোকান স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।



