জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাবি শিবিরের বিজয় মিছিল

জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয় মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাবি শিবিরের বিজয় মিছিল
রাবি শিবিরের বিজয় মিছিল |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয় মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে বিনোদপুর থেকে মিছিলটি শুরু হয়ে তালইমারিতে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘গত বছর এ ৫ আগস্টে আমাদের রাজশাহী মহানগর ছাত্রশিবিরকে দায়িত্ব দেয়া হয়েছিল মিছিলের সামনে থেকে ছাত্র-জনতাকে রক্ষা করার জন্য। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরকে দায়িত্ব দেয়া হয়েছিল মিছিলের পেছন থেকে যদি কেউ আক্রমণ করে তা যেন ছাত্রজনতার গায়ে লাগার আগেই আমাদের গায়ে লাগে। আমরা সেই দায়িত্ব পালন করেছি—তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের ভাই শহীদ আলী রায়হান। ছাত্র-জনতার গায়ে গুলি লাগার আগে তার কপালেই গুলি লেগেছে। তবে কেউ কেউ বলে আন্দোলনে ছাত্রশিবিরের কোনো ভূমিকা ছিল না। আমরা তোমাদের বিরোধী নই। আমরা একসাথেই আন্দোলন করেছি।’

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা চলে যাবার পরে যে আবেগ অনুভূতি নিয়ে স্লোগান দিয়েছিলাম এবং রাস্তায় নেমেছিলাম কিন্তু একবছর পরে এসে সেই অনুভূতি আমাদের মাঝে নেই। আমরা একটি বিপ্লবের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বছর যেতে না যেতেই সেটাকে গণঅভ্যুত্থান বলা হচ্ছে। সেটাকে আমরা বিপ্লবে পরিণত করতে ব্যর্থ হয়েছি। যে সকল দালালদের কারণে বিপ্লব ব্যর্থ হয়েছে আমরা তাদের কখনোই ভুলে যাব না। ফ্যাসিস্ট আমলে আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও তা এখনো সংশোধন করা হয়নি।’