রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনে এক লিফট নির্মাণ করতে প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব এ লিফটের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো: আখতার হোসেন মজুমদারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর সালেহ হাসান নকীব আজ সোমবার শহীদুল্লাহ কলা ভবনের লিফট উদ্বোধন করেন। আটজন বা ৬৩০ কেজি বহনক্ষমতাসম্পন্ন এই লিফট ও জেনারেটর স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় ৯৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আবর্তিক বাজেট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ অর্থ বরাদ্দ দিয়ে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা ও সায়েন্স দু’টি ভবনে বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। একটা হয়েছে আর একটা চলমান রয়েছে। লিফটের এ অর্থটি সম্পূর্ণ সেখান থেকে নেয়া হয়েছে।’
লিফট উদ্বোধন করে ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘এই লিফট স্থাপনের ফলে সবাই বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা, ষাটোর্ধ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অসুস্থরা সুবিধা পাবেন।’
চলতি অর্থবছরে প্রয়োজনীয় অর্থ প্রাপ্তি সাপেক্ষে আরো দু’টি লিফট স্থাপনের পরিকল্পনা আছে এবং পর্যায়ক্রমে অন্যান্য অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনেও লিফট স্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।



