পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থী মীর জুবায়ের আহমেদ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, মার্সেড-এ পদার্থবিজ্ঞানে সম্পূর্ণ অর্থায়িত (ফুল ফান্ডেড) পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ লাভ করেছেন। তার এই অসাধারণ অর্জনে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে মীর জুবায়ের আহমেদ জানান, এই যাত্রা মোটেও সহজ ছিল না, তবে প্রতিটি ধাপই ছিল মূল্যবান। তিনি তার মা, স্ত্রী, পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পথচলার জন্য সকলের দোয়া কামনা করেন।
তিনি জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। শুরুতে দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার কারণে প্রথম দুই সেমিস্টারে প্রত্যাশিত ফল করতে পারেননি। তবে তিনি হতাশ না হয়ে শেষ বর্ষে এসে নিজের অবস্থান উন্নত করেন এবং প্রায় প্রথম শ্রেণি (সিজিপিএ ৩.১৩) অর্জন করেন।
পরে গবেষণায় নিজেকে আরো দক্ষ করে তুলতে তিনি বুয়েটে এমএসসি প্রোগ্রামে ভর্তি হন। সেখানে তিনি অসাধারণ সাফল্য দেখিয়ে সিজিপিএ ৩.৬৭ নিয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। একইসাথে বায়োফিজিক্স বিষয়ে তিনটি মানসম্মত গবেষণাপত্র প্রকাশ করেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে পোস্টার ও মৌখিক উপস্থাপনায় একাধিক সেরা পুরস্কার লাভ করেন।
শিক্ষাজীবনে তিনি বুয়েটে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (টিএ) ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (আরএ) অর্জন করেন, যা তার গবেষণা ও অ্যাকাডেমিক যাত্রাকে আরো সুসংগঠিত করে। ইংরেজি দক্ষতা প্রমাণে তিনি ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্টে ১২০ স্কোর অর্জন করেন, যেখানে প্রতিটি উপ-অংশে সমানভাবে উচ্চ নম্বর পান।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, মার্সেড-এ টিচিং অ্যাসিস্ট্যান্ট/গ্র্যাজুয়েট স্টুডেন্ট রিসার্চার হিসেবে সম্পূর্ণ অর্থায়িত পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন।
নিজের সাফল্যের পেছনের মূল শক্তি হিসেবে তিনি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, নির্দিষ্ট লক্ষ্যে অটল থাকার কারণে তিনি কখনো সরকারি চাকরির প্রস্তুতির দিকে মনোযোগ দেননি।
জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি তোমাদেরও এমন কিছু করার ইচ্ছা থাকে, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তা অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। নিজের উপর বিশ্বাস রাখো, মহান আল্লাহর উপর ভরসা রাখো এবং কঠোর পরিশ্রম করো, একদিন অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারবে।’
মীর জুবায়ের আহমেদের এই সাফল্য পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



