টানা আন্দোলন, ব্লকেড ও সংঘর্ষের ঘটনার পর ঈদুল আজহার ছুটিতে প্রায় ফাঁকা হয়ে পড়া ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে বৃহস্পতিবার (২১ মে) প্রথমবারের মতো নিজ কার্যালয়ে অফিস করেছেন নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
দায়িত্ব পাওয়ার অষ্টম দিনে তিনি পুলিশি নিরাপত্তার মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করেন। এদিন ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী বুধবার থেকেই আবাসিক হল ত্যাগ করেন। ফলে কয়েকদিনের টানা উত্তেজনার পর বৃহস্পতিবার ক্যাম্পাস ছিল প্রায় ফাঁকা ও শান্ত।
ডুয়েটের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন এবং বিভিন্ন দফতরের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় নিরাপত্তাজনিত কারণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দফতরের সভাকক্ষে ডুয়েটের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, ‘গত ১৪ মে সরকার আমাকে ডুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়। ১৭ মে আমি দায়িত্ব বুঝে নিই। বিশেষ পরিস্থিতির কারণে এতদিন ক্যাম্পাসের বাইরে থেকে দায়িত্ব পালন করেছি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল না।’
তিনি বলেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ওভারটাইম, শিক্ষকদের ছুটি, বিদেশ সফরের অনুমতিসহ জরুরি প্রশাসনিক কাজ নিয়মিত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার তিনি মে মাসের বেতনের স্যালারি স্লিপেও স্বাক্ষর করেন।
নবনিযুক্ত ভিসি আরো বলেন, ‘বর্তমান বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ও বিগ ডাটার যুগে প্রবেশ করেছে। আমি চাই ডুয়েটের শিক্ষার্থীরা বিশ্বমানের দক্ষতা অর্জন করুক এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করুক। ডুয়েটকে একটি উচ্চমানের আন্তর্জাতিক র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে কাজ করব।’
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিএমপি কমিশনার মো: ইসরাইল হাওলাদারের সাথে সাক্ষাৎ করেন ডুয়েট শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতারা। প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ডুয়েট শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক তাসনীম আলম।
বৈঠক শেষে শিবির নেতারা সাংবাদিকদের বলেন, ‘ডুয়েটে সাম্প্রতিক সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।’ তাদের দাবি, ‘ভিসি নিয়োগবিরোধী আন্দোলন ছিল সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’
শিবির নেতারা জিএমপি কমিশনারের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান এবং বলেন, ‘যেকোনো যৌক্তিক ও সর্বজনীন দাবির আন্দোলনের প্রতি অতীতেও আমাদের নৈতিক সমর্থন ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার সাথে আমাদের সংশ্লিষ্টতা নেই।’
জিএমপি কমিশনার মো: ইসরাইল হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘ডুয়েটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য পুলিশ গুরুত্বের সাথে শুনছে।’
তিনি বলেন, ‘ঘটনার সাথে যারাই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।’
উল্লেখ্য, গত ১৪ মে সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা ‘বহিরাগত ভিসি’ প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। কয়েকদিন ধরে বিক্ষোভ, ব্লকেড, সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ছিল পুরো ক্যাম্পাস। তবে ঈদের ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাস ত্যাগ করায় বৃহস্পতিবার পরিস্থিতি তুলনামূলক শান্ত দেখা গেছে।



