ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসে গতকাল ঢাকায় জার্মান দূতাবাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্ভাব্য একাডেমিক ও গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতে ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও মানসম্মত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম এবং উচ্চতর গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসার ও দক্ষতা বৃদ্ধিতে জার্মানির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বাসস



