জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ‘শ্রেণিকক্ষের পাঠদানকে আনন্দময় ও যুগোপযোগী করতে না পারলে এবং শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে না পারলে বিশ্ববাজারের প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে।’
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট হলে আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম প্রধান অংশীজন। তাই শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়ন করতে চাই, যা শিক্ষার্থীদের দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারের জন্য যোগ্য করে তুলবে।’
তিনি আরো বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলো এখন কর্মমুখী ও আধুনিক শিক্ষাক্রম অনুসরণ করছে। ওবিই চালুর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা ও সৃজনশীলতাও অর্জন করবে। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে ওঠার বিকল্প নেই।’
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কারিকুলাম বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সেখানে আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন ও এর কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।



