বাহা’র যৌথ বিবৃতি প্রত্যাখান করে বয়কট ঘোষণা শিক্ষার্থীদের

সম্মিলিত আন্দোলনকে কিছু সংখ্যক শিক্ষার্থীর আন্দোলন হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়; যা মিথ্যা, অপমানজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।’

মো: লিখন ইসলাম, বাকৃবি

Location :

Mymensingh
বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা
বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ করেছে ওই অনুষদের শিক্ষার্থীরা। এ সময় তারা বাহাকে বয়কট ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে অনুষদীয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টার দিকে বাকৃবি শিক্ষক কমপ্লেক্সে বাহা’র নেতৃবৃন্দ ও ওই অনুষদের ডিন এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনুষদের শিক্ষার্থীদের একটি অংশ দ্বারা ক্লাস-পরীক্ষাসহ অনুষদের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন ঘটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে আলোচনা সভা শেষে বাহা ও ওই অনুষদ যৌথ বিবৃতি দেন। সেখানে বলা হয়, শিক্ষার্থীদের এ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শান্তিশৃঙ্খলা পরিপন্থী। এ কার্যক্রমে অনুষদের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই। অ্যানিমেল হাজবেন্ড্রি প্রফেশনকে নিশ্চিহ্ন করার জন্য একটি বিশেষ মহলের প্ররোচনায় কতিপয় বিপথগামী শিক্ষার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রফেশনকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত।

বিবৃতিতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আহ্বান জানানো হয় এবং প্রফেশনের বিরাজমান সমস্যাসমূহ সমাধানে পদক্ষেপ নেয়ার সিদ্বান্ত গৃহীত হয়।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী শিবলী বলেন, ‘আমরা পশুপালন অনুষদের বিভিন্ন লেভেলের কয়েক শ’ শিক্ষার্থী গত ১ সপ্তাহ ধরে আমাদের যৌক্তিক দাবি কম্বাইন্ড ডিগ্রি নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করলে যারা সাধারণ শিক্ষার্থীদের বিপথগামী বলে সম্বোধন করে তাদের আমরা আজকের এ ফ্যাকাল্টি চত্বর থেকে লালকার্ড দেখাই। কোনো বিবৃতি বা হুমকি দিয়ে এ যৌক্তিক আন্দোলনকে থামানো যাবে না।’

আন্দোলনরত আরেক শিক্ষার্থী হিমেল বলেন, ‘বাকৃবিতে চলমান যৌক্তিক কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাহা’র মহাসচিব ক্যাম্পাসে উপস্থিত হন। আলোচনার প্রস্তাব মেনে নেয়া হলেও তার পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। পরবর্তী সময়ে এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘বিপথগামী’ আখ্যা দেয়া হয় এবং আমাদের সম্মিলিত আন্দোলনকে কিছু সংখ্যক শিক্ষার্থীর আন্দোলন হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়; যা মিথ্যা, অপমানজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।’

আন্দোলনরত শিক্ষার্থীরা আরো বলেন, ‘আমরা এ বিবৃতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের সমাবেশে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা সর্বসম্মতভাবে বাংলাদেশ অ্যানিম্যাল হাসবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে বয়কটের ঘোষণা দিচ্ছে। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।’