বাউবি ভিসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা

কোনো কল, বার্তা বা অনলাইন যোগাযোগ পেলে বিভ্রান্ত না হয়ে কোনো ধরনের অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নাম, ছবি ও পরিচয় অবৈধভাবে ব্যবহার করে অর্থ দাবি ও প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন পাইক জানান, সম্প্রতি একটি প্রতারক চক্র ভিসির নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে +৮৮০১৩৫৭০৭৮০২২ নম্বরসহ বিভিন্ন মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অর্থ দাবি এবং প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘+৮৮০১৩৫৭০৭৮০২২ নম্বরটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কোনো নম্বর নয়। ভিসি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো প্রয়োজনে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কারো কাছে অর্থ দাবি করেন না।’

জাহাঙ্গীর হোসেন পাইক আরো বলেন, ‘এ ধরনের কোনো কল, বার্তা বা অনলাইন যোগাযোগ পেলে বিভ্রান্ত না হয়ে কোনো ধরনের অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে।’

একই সাথে বিষয়টি নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘সবার সচেতনতা ও সতর্কতাই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সর্বোত্তম উপায়।’