বাউবির উন্নয়ন কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের আহ্বান ভিসির

মেডিক্যাল সেন্টারের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে প্রয়োজনভিত্তিক উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন ভিসি।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বিশ্ববিদ্যালয়ের ভিসির দফতরে মতবিনিময় সভা
বিশ্ববিদ্যালয়ের ভিসির দফতরে মতবিনিময় সভা |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিকল্পনা ও উন্নয়ন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগের কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাউবির উন্নয়ন কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের আহ্বান জানান ভিসি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসির দফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো: মাহফুজ-উল আলম বিভাগের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। তিনি উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোর জমি অধিগ্রহণ এবং ক্রয়ের সর্বশেষ অবস্থা, জনবল কাঠামো, জেলা ও উপজেলা পর্যায়ের কেন্দ্রগুলোর সার্বিক চিত্র, আধুনিক মেডিক্যাল সেন্টার ও আইটিভিইটি স্থাপনের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

পাশাপাশি উত্তরা আঞ্চলিক কেন্দ্রের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন উদ্যোগ, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাজেট বরাদ্দ, ডিপিপি ও সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং আঞ্চলিক কেন্দ্রগুলোর উন্নয়নে প্রয়োজনীয় প্রস্তাবনা তুলে ধরেন মো: মাহফুজ-উল আলম।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগের বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: রেজাউল ইসলাম মূল ক্যাম্পাসসহ বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, সম্পন্ন ও চলমান নির্মাণকাজের অগ্রগতি উপস্থাপন করেন। একইসাথে বিভাগের গৃহীত পদক্ষেপ, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ভিসি জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়াই তার অগ্রাধিকার। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে বাস্তববাদী হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান অবকাঠামো নির্মাণে গুণগত মান নিশ্চিত করা, তদারকি জোরদার করা এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও লিফটসহ মৌলিক সুবিধার উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি মেডিক্যাল সেন্টারের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে প্রয়োজনভিত্তিক উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন তিনি।

সভায় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো: শামীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন বক্তব্য রাখেন।

এ সময় পরিকল্পনা ও উন্নয়ন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগের সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।