গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু আজ

চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৮ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভর্তি সম্পন্ন করতে হবে।

Location :

Kushtia
ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

ইবি প্রতিনিধি
আজ থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত (জিএসটি) দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম। এ কার্যক্রম চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যেই চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের। গুচ্ছের ওয়েবসাইটে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গুচ্ছের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি কমিটির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৮ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভর্তি সম্পন্ন করতে হবে। এ জন্য প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় যে মূল নম্বরপত্র জমা দেয়া হয়েছিল, সেটি আগে জমাকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিজ দায়িত্বে উত্তোলন করে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। নম্বরপত্র উত্তোলনের সময় মূল অ্যাকনলেজমেন্ট স্লিপ (আবেদনকারীর কপি) সঙ্গে নিয়ে শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

এ ছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় জমা দেয়া পাঁচ হাজার টাকা চূড়ান্ত ভর্তি ফি’র সাথে সমন্বয় করা হবে। বাকি ভর্তি ফি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিশোধ করতে হবে।

চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে ভর্তি পরীক্ষার সময় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্রসহ শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি ভর্তিসংক্রান্ত সব নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ভর্তি পরীক্ষার কোর কমিটির দেয়া তথ্য অনুযায়ী, আগামী ১৫ জুলাই থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।