জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এ জন্য একটি কনসেপ্ট পেপার তৈরির সিদ্ধান্ত নেয়া হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্য অতিথিরা
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্য অতিথিরা |নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে আবারো রোভার স্কাউটিং কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে স্কাউটিংকে যুক্ত করে কোর্সটি আধুনিক ও বিশ্বমানের করার উদ্যোগ নেয়া হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এ জন্য একটি কনসেপ্ট পেপার তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে নৈতিক শিক্ষা ও স্কাউটিংকে সমন্বিত করে কোর্সটির কাঠামো ও ক্রেডিট নির্ধারণের বিষয়েও কাজ করার কথা বলা হয়।

ভিসি বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার সাথে আত্মিক ও সামাজিক-সাংস্কৃতিক শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সটি নতুনভাবে সাজানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।’

স্কাউটিংকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সহশিক্ষা কার্যক্রমের সাথে আরো নিবিড়ভাবে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে স্কাউটদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি ভিজিবল স্কাউটিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আগামী ডিসেম্বরে স্কাউটের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন উল্লেখ করে অধ্যাপক আমানুল্লাহ জানান, অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি মুট, অ্যাডভেঞ্চার ক্যাম্পসহ বিভিন্ন স্কাউটিং কার্যক্রম নিয়মিত ও পরিকল্পিতভাবে আয়োজনের পরামর্শ দেন তিনি।

স্কাউটিংয়ের সাথে ভাষা শিক্ষার সমন্বয়ের বিষয়েও উদ্যোগ নেয়ার কথা জানান ভিসি। থার্ড ল্যাংগুয়েজ শিক্ষার সাথে স্কাউটিংকে কিভাবে যুক্ত করা যায়, তা নিয়ে কাজ করার কথা বলেন তিনি। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রমে একজন রোভার স্কাউটকে যুক্ত করার নির্দেশনা দেন।

আনন্দময়, সৃজনশীল ও জীবনমুখী শিক্ষার অংশ হিসেবে প্রতিবছর হ্যাপি লার্নিং ডে উদযাপনের উদ্যোগ নেয়ার কথাও সভায় জানানো হয়।

পরিবেশ সংরক্ষণে স্কাউটদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘আমরা দুই কোটি গাছ লাগাবো। এই কর্মসূচিতে স্কাউটদের সম্পৃক্ত করতে চাই। শুধু গাছ লাগালেই হবে না; গাছগুলো যেন টিকে থাকে, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও স্কাউটদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে বেসরকারি খাত ও সমাজের অংশ নেয়া বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ভিসি। তিনি বলেন, ‘সবকিছুর জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না; সমাজহিতৈষী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। স্কাউটিংয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তাদের সম্পৃক্ত করতে হবে।’

সভায় রোভার স্কাউটদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম সেলিম চৌধুরী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ নির্বাহী কমিটির ৩৪ সদস্য উপস্থিত ছিলেন।