ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল মাঠে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের খেলা প্রদর্শনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ ও নানা বিতর্কের মধ্যে হল প্রশাসন জানিয়েছে, এ ক্ষেত্রে ছাত্রদল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি।
বৃহস্পতিবার (২ জুলাই) এ বিষয়ে কথা বলতে গিয়ে কবি জসীম উদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এ দাবি করেন।
তিনি জানান, গত ২৮ এপ্রিল হলপাড়ার পাঁচটি হলের ছাত্রদল নেতারা কবি জসীম উদ্দীন হল মাঠে বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শনের জন্য আবেদন করেছিলেন। আবেদনে তারা নিজেদের উদ্যোগে খেলা দেখানোর কথা উল্লেখ করেন।
প্রভোস্ট বলেন, ‘সাধারণত হলের মাঠ দৈনিক এক হাজার টাকার বিনিময়ে ভাড়া দেয়া হয়। তবে বিশ্বকাপ শুরু হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখানকার খেলা প্রদর্শনের উদ্যোগ নেয়। কিন্তু এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি এবং কোনো অনুমতিও নেয়া হয়নি।’
তিনি আরো জানান, বিশ্বকাপ শুরুর প্রায় দুই সপ্তাহ পর, গত ২৮ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। তবে সেটি তিনি বৃহস্পতিবার দেখেছেন বলে জানান।
ছাত্রদলের পূর্বের আবেদন প্রসঙ্গে অধ্যাপক আরিফ মাহমুদ বলেন, ‘ছাত্রদল যে অনুমতি নিয়েছিল, সেটি ছিল তাদের নিজেদের উদ্যোগে খেলা প্রদর্শনের জন্য। কিন্তু পরবর্তীতে অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে তারা আর খেলা দেখায়নি। বর্তমানে যারা খেলা দেখাচ্ছে, তারা হল প্রশাসনের কোনো অনুমতি নেয়নি এবং মাঠ ভাড়াও পরিশোধ করেনি।’



