সরকারের ‘লার্নিং উইথ হেপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর বিভাগীয় পর্যায়ের আয়োজন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্বের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩ জেলার বিভিন্ন কলেজের এক হাজার ৪৭২ জন অ্যাথলেট ও খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে জেলার সেরা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা চলছে। আগামী ৮ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ পর্ব শেষ হবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শুধু শ্রেণিকক্ষের পড়াশোনা নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আনন্দময় ও মানবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর মধ্যে ক্রীড়া চর্চার জোয়ার সৃষ্টি করা সম্ভব হলে এর ইতিবাচক প্রভাব পড়বে সারা দেশের শিক্ষাঙ্গনে। শিক্ষার্থীদের হারিয়ে যাওয়া শৈশব, কৈশোর ও যৌবনের আনন্দ ফিরিয়ে আনতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা প্রয়োজন।’
ভিসি জানান, ঢাকা বিভাগের পর পর্যায়ক্রমে দেশের অন্য সাত বিভাগেও এ আয়োজন হবে। তরুণ সমাজকে সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো: লুৎফর রহমান। তিনি বলেন, ‘শুধু সার্টিফিকেট নয়, শিক্ষার্থীদের পরিপূর্ণ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।’



