জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্যসন্ধ্যা অনুষ্ঠিত

‘বাংলাদেশের মাটি ও মানুষ কারো তাবেদারি মেনে নিবে না, কেউ যদি গোলামির জিঞ্জির পড়িয়ে দিতে চায় আমরা বারবার আবু সাঈদ, মুগ্ধ হব। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলার জমিনে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। ভবিষ্যতে যদি কেউ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বা কোনো দেশের তাবেদারি করতে চায়, তাহলে আমাদের শিল্প, সাহিত্য, রচনা, গান, নাটক থেমে থাকবে না।’

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবিতে নাট্যসন্ধ্যা
জাবিতে নাট্যসন্ধ্যা |নয়া দিগন্ত

আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক প্রতিবাদের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাট্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ নাট্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নাট্যরূপে প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা তুলে ধরা হয়।

এ বিষয়ে জাকসুর নাট্যবিষয়ক সম্পাদক রুহুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মাটি ও মানুষ কারো তাবেদারি মেনে নিবে না, কেউ যদি গোলামির জিঞ্জির পড়িয়ে দিতে চায় আমরা বারবার আবু সাঈদ, মুগ্ধ হব। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলার জমিনে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। ভবিষ্যতে যদি কেউ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বা কোনো দেশের তাবেদারি করতে চায়, তাহলে আমাদের শিল্প, সাহিত্য, রচনা, গান, নাটক থেমে থাকবে না।’

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘আজকের নাট্যসন্ধ্যায় ‘ইন্দ্রপতন’ নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটকের মূল থিম ছিল ফ্যাসিবাদ কিভাবে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে। এই প্রদর্শনের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বার্তা তুলে ধরাই ছিল উদ্দেশ্য। আমরা সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রেই ফ্যাসিবাদ, মিথ্যাচার ও প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব।’