মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত হলে থাকার সুযোগ রাকসু প্রতিনিধিদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রত্ব শেষ হলেও দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আবাসিক হলে থাকার সুযোগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত হলে থাকার সুযোগ রাকসু প্রতিনিধিদের
মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত হলে থাকার সুযোগ রাকসু প্রতিনিধিদের |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রত্ব শেষ হলেও দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আবাসিক হলে থাকার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদ।

গত ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাধ্যক্ষ পরিষদের জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন তৎকালীন আহ্বায়ক ও রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোছা: ইসমত আরা বেগম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনের সংবিধানে নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রত্ব শেষ হওয়ার পর তাদের পদ বহাল থাকবে কি না, সে বিষয়ে সুস্পষ্ট কোনো বিধান নেই। এ অবস্থায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বের পূর্ণ মেয়াদ পর্যন্ত আবাসিকতা বহাল রাখার সুপারিশ করা হয়।

প্রাধ্যক্ষ পরিষদের মতে, নির্বাচিত প্রতিনিধিরা হলে অবস্থান করতে না পারলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও অধিকার আদায়ে কার্যকরভাবে দায়িত্ব পালন করা কঠিন হবে। তাই তাদের দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখতে আবাসিকতা বহাল রাখা প্রয়োজন।

এছাড়া, যেসব শিক্ষার্থী রাকসু বা হল সংসদে নির্বাচিত হলেও এখনো কোনো আবাসিক হলে সিট পাননি, তাদের সংখ্যা কম হওয়ায় বিশেষ বিবেচনায় হলে সিট দেয়ারও সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি সৈয়দ আমীর আলী হল সংসদের সহসভাপতি (ভিপি) মো: নাঈম ইসলামের আবাসিকতা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরে হল প্রশাসন তার আবাসিকতা বাতিলের আদেশ স্থগিত করে।

এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের বর্তমান আহ্বায়ক ও শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মাহদী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রত্ব শেষ হলেও তাদের দায়িত্বের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত হলে আবাসিকতা বহাল থাকবে। তবে এ জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজ নিজ হলের প্রাধ্যক্ষের কাছে আবেদন করতে হবে।’