বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পরিষদ গঠন

‘নবগঠিত অষ্টম পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)-এর মহাপরিচালককে কমিটির ভাইস-চেয়ারম্যান করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড আইন-২০০২ এর ধারা-৬ এর বিধান অনুযায়ী এই বোর্ডের ‘অষ্টম পরিচালনা পরিষদ’ গঠন করেছে সরকার।

২১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত অষ্টম পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)-এর মহাপরিচালককে কমিটির ভাইস-চেয়ারম্যান করা হয়েছে।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের বালাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেন লিটন।

পদাধিকারবলে বোর্ডের সদস্যরা হলেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) বা তদূর্ধ্ব পর্যায়ের একজন কর্মকর্তা, মাউশি অধিদফতরের পরিচালক (মাধ্যমিক), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা এবং অর্থ বিভাগের একজন উপ-সচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা।

পরিষদে শিক্ষক ও কর্মচারী প্রতিনিধিদের মধ্য থেকে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা টিঅ্যান্ডটি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক কাজী মুহাম্মদ মাইন উদ্দীন, চাঁদপুরের পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফজলুল হক, ঢাকার ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ পারভীন, ঢাকার এ কে স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আসমা আহমেদ লাকী, ঢাকার শহীদ আবু তালেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম বোরহান উদ্দিন, খুলনার টিপনা আঙ্গারদোহা দাখিল মাদরাসার সুপার এস এম বায়েজিদ, ঠাকুরগাঁওয়ের শোল্টহরী আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মো: তাজউদ্দীন, চাঁদপুরের শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিক আলিম মাদরাসার মো: কবির হোসেন এবং ময়মনসিংহের হাজী কাশেম আলী টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের অধ্যক্ষ মো: জাকির হোসেন।

এছাড়া কারিগরি ও কর্মচারী প্রতিনিধি হিসেবে শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর মো: আলমগীর হোসেন, বগুড়ার উত্তরন উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো: আজিজুল হক, নরসিংদীর মধাবদী মহাবিদ্যালয়ের অফিস সহকারী মো: তৌহিদুল ইসলাম এবং ঢাকার ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশনের অফিস সহায়ক মো: সোলায়মান চৌধুরীকে সদস্য করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উপ-সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, আগামী সপ্তাহে কমিটির সচিবকে আর্থিক ক্ষমতা দেয়া হবে। এরপর থেকে নবগঠিত এই পরিচালনা পরিষদ বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসরকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে। বাসস