সমাজের বাস্তব চাহিদার সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান

‘উচ্চশিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম হওয়া উচিত নয়। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, আধুনিক উদ্ভাবন ও অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ |সংগৃহীত

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের বাস্তব চাহিদার সাথে আরো নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সুধী সমাবেশে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘উচ্চশিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম হওয়া উচিত নয়। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, আধুনিক উদ্ভাবন ও অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

নতুন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কাঠামোর ওপর জোর দিয়ে তিনি বলেন, নতুন প্রতিষ্ঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুরু থেকেই সমাজমুখী, গবেষণানির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা কার্যক্রম এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে কর্মক্ষেত্র ও সমাজে সরাসরি অবদান রাখতে পারে।

ইউজিসি চেয়ারম্যান আরো জানান, কমিশন দেশের উচ্চশিক্ষাকে প্রথাগত পাঠদাননির্ভর ধারা থেকে গবেষণাকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তর করতে এবং একটি শক্তিশালী জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রাকে দেশের উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বাসস