রাবিতে নকলের অভিযোগে বিতর্কিত শিক্ষার্থীর শাবিপ্রবিতে ভর্তি স্থগিত

‘দিব্য জ্যোতি সাহা শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫.৭৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ৯৯তম স্থান অর্জন করেন। তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির জন্য মনোনীত হন।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
রাবিতে নকল করে আটকের পর শাবিপ্রবিতে ভর্তি স্থগিত এক শিক্ষার্থীর
রাবিতে নকল করে আটকের পর শাবিপ্রবিতে ভর্তি স্থগিত এক শিক্ষার্থীর |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় নকলের অভিযোগে আটক হওয়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তির সুযোগ পাওয়া এক বিতর্কিত শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার সময় আটক হন। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শাবিপ্রবিতে তার ভর্তি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, ‘দিব্য জ্যোতি সাহা শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫.৭৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ৯৯তম স্থান অর্জন করেন। তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির জন্য মনোনীত হন।’

অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম আরো বলেন, ‘ভর্তির সময় ওই শিক্ষার্থী প্রয়োজনীয় মার্কশিট জমা দিতে পারেনি। তিনি আমাদের জানিয়েছেন, তার মার্কশিট হারিয়ে গেছে। এ কারণে আপাতত তার ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং তাকে আজকের মধ্যে জিডির কপি জমা দিতে বলা হয়েছে।’

পরে ওই ভর্তি পরীক্ষার্থী সাধারণ ডায়েরির (জিডি) কপি আজ দুপুরে জমা দিয়ে গেছেন বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। তার ভর্তির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘তার ভর্তির সব ডকুমেন্টস আমরা রেখে দিয়েছি এবং বিষয়টি ভর্তি কমিটির বৈঠকে বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে দিব্য জ্যোতি সাহাকে (ভর্তি পরীক্ষার্থী) একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ও বিকেল— দুই শিফটে প্রথম ৫০০ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে এবং আগামী ৫ ফেব্রুয়ারি মেধা তালিকার ৫০১ থেকে ৯৬০ সিরিয়ালধারী শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।