বিমান দুর্ঘটনায় জাবি ভিসির শোক, ‘অদম্য-২৪’ উদ্বোধন স্থগিত

নিহত ও আহতদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান |সংগৃহীত

জাবি প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। একইসাথে, দুর্ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধনসহ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় ভিসি বলেন, এই দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ যারা প্রাণ হারিয়েছেন তা খুব বেদনার ও দুঃখের। এই ক্ষতি অপূরণীয়।’ ভিসি শোকসন্তপ্ত সকল পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এতে আরো জানানো হয়, সরকার ২২ জুলাইকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মসূচি স্থগিত থাকবে। এর আওতায় ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

এ ছাড়া, শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সকল ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। নিহত ও আহতদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।