জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাসকু) নির্বাচন চলাকালীন ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচনে ভোট চলাকালীন এ ঘটনা ঘটে।
আটক হাফিজুর রহমান সোহান ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ভোট চলাকালীন সময়ে অবৈধভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, আমরা নির্বাচনের যারা সম্পৃক্ত শিক্ষক, পোলিং এজেন্ট ও সেই সাথে অফিসার যারা আছে গতরাত থেকেই আমরা সতর্ক আছি। আমি গত রাত সাড়ে ১২টায় এই হল থেকে গিয়েছি। এর মধ্যে আমরা খবর পেয়েছি বেলা ১১টার দিকে ছাত্রদলের একজন এই হলে অবস্থান করছেন। খবর পাওয়া মাত্রই আমি সেখানে গিয়ে তাকে আটক করে প্রক্টরের কাছে হস্তান্তর করেছি। সে এখন প্রক্টর অফিসে আছে।
অধ্যাপক শফিকুল ইসলাম আরো বলেন, এখন প্রক্টর অফিস ও প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে ব্যবস্থা নেবে। আমি হলের প্রভোস্ট হিসেবে যে ব্যবস্থা নেয়ার দরকার ছিল, সেটি নিয়েছি।



