জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত রুয়েট কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রুয়েট কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi City
রুয়েট কর্মকর্তা মামুন-অর-রশিদ আটক
রুয়েট কর্মকর্তা মামুন-অর-রশিদ আটক |নয়া দিগন্ত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সহিংস ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিরাপত্তা শাখার কর্মকর্তা মো: মামুন-অর-রশিদকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (৪ মে) রুয়েটের এই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে। মামুন-অর-রশিদ রুয়েটের নিরাপত্তা শাখায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন।

সূত্রে জানা যায়, ৫ আগস্ট আলুপট্টি মোড়ের স্বচ্ছ টাওয়ারের সামনে ছাত্র-জনতার উপর হামলার সাথে প্রশাসনের কিছু শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিত্তিতে বোয়ালিয়া থানায় দায়ের করা মামলায় মো: মামুন-অর-রশিদকে অভিযুক্ত করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে তাকে শনাক্ত করে আটক করা হয় পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়। ওই কর্মকর্তা অতীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তার চাকরি প্রাপ্তির পেছনে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠভাজন হওয়া প্রভাব ফেলেছে বলেও অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন কোনো ধরনের অনৈতিকতা বা সহিংসতার সাথে জড়িতদের ছাড় দেবে না। বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান, এখানে শৃঙ্খলা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’

উল্লেখ্য, মামুন-অর-রশিদের গ্রেফতারের প্রতিক্রিয়ায় আওয়ামী শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারীদের একাংশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে ছাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।