নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকায় বাকৃবি প্রেসক্লাবের অনুমোদন স্থগিত

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

মো: লিখন ইসলাম, বাকৃবি
বাকৃবি প্রেসক্লাবের অনুমোদন স্থগিত
বাকৃবি প্রেসক্লাবের অনুমোদন স্থগিত |সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নকারী সংবাদ প্রকাশের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রেসক্লাবের অনুমোদন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, ‘বাকৃবি প্রেসক্লাব (বাউপিসি)’ নামক অনুমোদিত সাংবাদিক সংগঠনের কয়েকজন সদস্য নিষিদ্ধ ঘোষিত ছাত্ররাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। সেইসাথে তারা ফেসবুক পেজ এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে এমন কিছু সংবাদ প্রকাশ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এতে অনুমোদনের সময় নির্ধারিত শর্তাবলির ১ ও ৪ নম্বর ধারা লঙ্ঘিত হওয়ায় সংগঠনটির অনুমোদন স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’

জানা গেছে, গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে জারি করা আদেশের (নম্বর : শা-৭/নোটশিট/২১৬/সংস্থাপন) মাধ্যমে ছয়টি শর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংগঠনটিকে অনুমোদন দেয়। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল-বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকা, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কাজ থেকে বিরত থাকা, রাষ্ট্রবিরোধী বা সামাজিক অপরাধে সম্পৃক্ত না থাকা এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় সংগঠনটির অনুমোদন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১১ ডিসেম্বর বাউপিসিকে ছয়টি শর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুমোদন প্রদান করা হয়েছিল।

শর্তগুলোর মধ্যে প্রথম শর্তটি ছিল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো বিষয়ে সম্পৃক্ত থাকা যাবে না। দ্বিতীয়, সংগঠনের প্রয়োজনে এ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভবিষ্যতে কোনো অফিস রুম অথবা জায়গা বরাদ্দ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য নয়। তৃতীয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন ধরনের কাজ হতে সম্পূর্ণ বিরত থাকতে হবে। চতুর্থ, যেকোনো ধরনের সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। পঞ্চম, রাষ্ট্রবিরোধী সকল ধরনের কাজ হতে বিরত থাকতে হবে। ষষ্ঠ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময়ই বাকৃবি প্রেসক্লাব (বাউপিসি) নামক সংগঠনের অনুমতি বাতিল করার ক্ষমতা রাখে।