জিয়াউর রহমানের উদ্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে : ইবি ট্রেজারার

ট্রেজারার বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি চেয়েছিলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে।’

Location :

Kushtia
ইবি ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী
ইবি ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী |নয়া দিগন্ত

নাজমুস সাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যদি সেই উদ্দেশটা আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে সেই লক্ষ্য পূরণ হবে।’

শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানের প্রথম পর্বে তিনি এসব কথা বলেন।

ট্রেজারার ড. ইদ্রিস আলী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নাম দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বা ঝিনাইদহ বিশ্ববিদ্যালয় নয়। তিনি চেয়েছিলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে। ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় ঘটানোই ছিল তার অন্যতম লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধানে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত যেসব বিষয় ও অনুষদের কথা উল্লেখ রয়েছে, সেগুলোর অনেকগুলো আজও চালু করা হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের কাছে আমাদের দাবি, এসব অনুষদ ও বিষয় চালুর উদ্যোগ নেয়া হোক এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হোক।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠো। দেশে অনৈতিক কর্মকাণ্ড রোধে ইসলামী ও নৈতিক শিক্ষার সম্প্রসারণ জরুরি। ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল, ইউজিসির সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, ইবির প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।