আমরা মানুষের মূল্যবোধভিত্তিক সাংবাদিকতা ফিরিয়ে আনবই : মাহফুজ আনাম

সরকারনির্ভর অর্থায়ন রাজনৈতিক প্রভাব সৃষ্টি করতে পারে, আবার করপোরেট নির্ভরতা সম্পাদকীয় স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সম্পাদকীয় স্বাধীনতার মধ্যে ভারসাম্য রাখা জরুরি।

Location :

Khulna
‘সমকালীন প্রেক্ষাপটে গণমাধ্যম’ শীর্ষক সেমিনার
‘সমকালীন প্রেক্ষাপটে গণমাধ্যম’ শীর্ষক সেমিনার |নয়া দিগন্ত

খুবি প্রতিনিধি
গণমাধ্যমে মানুষের আস্থা পুনরুদ্ধারে মূল্যবোধভিত্তিক সাংবাদিকতার বিকল্প নেই এমনটাই মন্তব্য করে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ‘আমরা মানুষের মূল্যবোধভিত্তিক সাংবাদিকতা ফিরিয়ে আনবই। গণমাধ্যমের প্রতি মানুষের যে আক্ষেপ তৈরি হয়েছে, তা দূর করার এটিই অন্যতম কার্যকর উপায়।’

শনিবার (৯ মে) সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘সমকালীন প্রেক্ষাপটে গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

মাহফুজ আনাম তার বক্তব্যে বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা ন্যায়বিচার, জবাবদিহি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যম সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরে এবং ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সমাজকে সচেতন করে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘ক্ষমতাবানদের বিরুদ্ধে সত্য প্রকাশ করা ঝুঁকিপূর্ণ হলেও এটি গণমাধ্যমের মৌলিক দায়িত্ব।’

তবে এই স্বাধীনতার বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি অর্থনৈতিক কাঠামোর দুর্বলতাকে দায়ী করেন।

তার মতে, ‘সরকারনির্ভর অর্থায়ন রাজনৈতিক প্রভাব সৃষ্টি করতে পারে, আবার করপোরেট নির্ভরতা সম্পাদকীয় স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সম্পাদকীয় স্বাধীনতার মধ্যে ভারসাম্য রাখা জরুরি।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: নুরুন্নবী। তিনি বলেন, ‘গণমাধ্যম একটি রাষ্ট্রের গণতন্ত্র, জবাবদিহি ও সত্য প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম।’

স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজে সঠিক তথ্য প্রদানে অপরিহার্য হয়ে উঠেছে। তরুণ প্রজন্মকে নৈতিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।’

সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো: ইব্রাহিম খলিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।