জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

সারাদেশে সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে সর্বমোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হচ্ছে। এর মধ্যে ১৪ হাজার সাত শ’ জন ‘মেধাবৃত্তি’ ও ৩১ হাজার পাঁচ শ’ জন ‘সাধারণ বৃত্তি’।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন |বাসস

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি, দাখিল অষ্টম শ্রেণি, ইবতেদায়ি পঞ্চম শ্রেণি এবং কারিগরি জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলাফলে সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার সর্বমোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফলাফল উদ্বোধন করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী জানান, এবার সারাদেশে সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে সর্বমোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হচ্ছে। এর মধ্যে ১৪ হাজার সাত শ’ জন ‘মেধাবৃত্তি’ ও ৩১ হাজার পাঁচ শ’ জন ‘সাধারণ বৃত্তি’।

তিনি জানান, মাদরাসার ইবতেদায়ি পঞ্চম শ্রেণি ও দাখিল অষ্টম শ্রেণি এবং জেএস ও জেডি (ভোকেশনাল) স্তর মিলে মোট ২২ হাজার ৫৬৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হচ্ছে। এর মধ্যে ইবতেদায়ি পঞ্চম শ্রেণিতে ১১ হাজার ১৮০ জন, দাখিল অষ্টম শ্রেণিতে ১১ হাজার ১৮০ জন এবং জেএস ও জেডিতে ২০৮ জন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘এই বৃত্তি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। তারা আমাদের ভবিষ্যতের কাণ্ডারি।’

তিনি আরো বলেন, ‘যারা এবার বৃত্তি পায়নি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। পরিশ্রম চালিয়ে গেলে জীবনে সাফল্যের আরো অনেক সুযোগ আসবে।’

তিনি সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ শিক্ষা বোর্ডের মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং বাৎসরিক এককালীন ৫৬০ টাকা অনুদান পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং বাৎসরিক এককালীন ৩৫০ টাকা করে পাবেন।

অন্যদিকে মাদরাসার পঞ্চম ও অষ্টম শ্রেণিতে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা হারে বৃত্তি পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট তিন লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি পঞ্চম শ্রেণিতে ৬৩ হাজার ৯৩০ জন এবং দাখিল অষ্টম শ্রেণিতে ৪৩ হাজার ৭০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় দুই হাজার ৬১১ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক বৃত্তির পরিসংখ্যান :

বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১১ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে (মেধা ৩৬২২, সাধারণ ৭৭৬২)। অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ছয় হাজার ২৭ জন, কুমিল্লায় পাঁচ হাজার ২৫২ জন, যশোরে পাঁচ হাজার ২০৫ জন, দিনাজপুরে পাঁচ হাজার ৬৯১ জন, চট্টগ্রামে তিন হাজার ৮৫৭ জন, সিলেটে তিন হাজার ১৭ জন, ময়মনসিংহে তিন হাজার ৩২ জন এবং বরিশাল বোর্ডে দুই হাজার ৭৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সাধারণ শিক্ষা বোর্ডে পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়।

শিক্ষা প্রতিমন্ত্রী আরো জানান, সরকার মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য ও শিক্ষার গুণগত মান উন্নয়নে আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

ফলাফল দেখার প্রক্রিয়া

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।

এসএমএস পদ্ধতি : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।