সমন্বিত উদ্যোগই সাফল্যের চাবিকাঠি : বাউবি ভিসি

একজন বাস্তবায়নকারী কর্মকর্তা যদি সময়মতো দায়িত্ব পালন না করেন তাহলে শিক্ষার্থী সেবার মানোন্নয়ন সম্ভব নয়। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা কোনো ধরনের হয়রানির শিকার না হন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
কর্মশালায় বক্তব্য রাখেন ভিসি
কর্মশালায় বক্তব্য রাখেন ভিসি |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, ‘একজন বাস্তবায়নকারী কর্মকর্তা যদি সময়মতো দায়িত্ব পালন না করেন তাহলে শিক্ষার্থী সেবার মানোন্নয়ন সম্ভব নয়। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা কোনো ধরনের হয়রানির শিকার না হন। সংশ্লিষ্ট স্কুল, বিভাগ, দফতর ও আঞ্চলিক কেন্দ্রগুলোকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে শিক্ষার্থীদের সেবা সহজিকরণ ও গুণগতমান নিশ্চিত করতে হবে। সমন্বিত উদ্যোগই সাফল্যের চাবিকাঠি।’

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ভিসি কনফারেন্স রুমে ‘শিক্ষার্থীদের সেবা সহজিকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ’ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস।

কর্মশালায় অংশগ্রহণকারী চারটি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে শিক্ষার্থী সেবা ও কাজের গুণগতমান মূল্যায়ন করে খুলনা আঞ্চলিক কেন্দ্রকে প্রথম পুরস্কার এবং রংপুর, বরিশাল ও সিলেট আঞ্চলিক কেন্দ্রকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

সভা পরিচালনা করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকবৃন্দ, এসএসএস বিভাগের পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক ও যুগ্ম-পরীক্ষা নিয়ন্ত্রকবৃন্দ, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের (পিপিডি) পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ, আইসিটি বিভাগের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, ইঞ্জিনিয়ারিং ও এস্টেট বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের পরিচালকরা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।