বাউবির পরীক্ষায় অসদুপায়, ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমেই মানসম্মত ও গ্রহণযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করে বাউবি কর্তৃপক্ষ।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সভায় বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করা হয়। পরে শৃঙ্খলা কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৪০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুসারে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে কমিটির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। পরীক্ষার পরিবেশ আরো সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার গুণগত মান বজায় রাখা, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সব ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমেই মানসম্মত ও গ্রহণযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করে বাউবি কর্তৃপক্ষ।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম এবং শৃঙ্খলা কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: হাবিবুল্লাহ মাহামুদসহ সংশ্লিষ্ট কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।