সম্প্রতি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ব্যবসায়ী লাল চাঁদকে (সোহাগ) প্রকাশ্যে নৃশংসভাবে খুন করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার (১২ জুলাই) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: সোহেল রানা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের বর্বরোচিত ও পৈশাচিক হত্যাকাণ্ড আমাদের সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে। দেশের প্রতিটি বিবেকবান নাগরিকের মতো আমরাও শোকাহত, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই। শিক্ষক সমাজ বিশ্বাস করে, আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।’
বিবৃতিতে শিক্ষক সমিতি আশঙ্কা প্রকাশ করে জানায়, এ ধরনের হত্যাকাণ্ড রোধ করা না গেলে জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিল তা ব্যর্থ হয়ে যাবে। নিহতের পরিবারকে সমবেদনা এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি রইলো।



