জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আইন ও বিচার বিভাগ এবং ক্যারিয়ার ক্লাবের যৌথ আয়োজনে `অরিজিনাল জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন : কোম্পানি, রিট অ্যান্ড অ্যাডমিরালটি ফ্রেমওয়ার্কস’ শীর্ষক একটি ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বক্তারা আইনের বিভিন্ন দিক, সম্ভাবনা, ক্যারিয়ার ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সেইসাথে শিক্ষার্থীদের আইন পেশায় যুক্ত হওয়ার ইতিবাচক দিকগুলো নিয়েও আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ভিসি বলেন, ‘আইনের মূল ভিত্তি হলো নৈতিকতা। সমাজের নৈতিকবোধের পরিবর্তনের সাথে সাথে আইনের গতিপথেরও পরিবর্তন হয়। একজন প্রকৃত আইনজীবী হয়ে ওঠার জন্য আইনি বিধি-বিধান ও সংবিধান সম্পর্কে ভালো জানার পাশাপাশি নৈতিক আদর্শ, নীতিবিদ্যা এবং সামাজিক মূল্যবোধের গভীর উপলব্ধি অপরিহার্য।’
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ তাহসিন আলী। তিনি বলেন, ‘কোম্পানি আইন, রিট জুরিসডিকশন ও অ্যাডমিরালটি বিষয়ে দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের আরো গভীরভাবে পড়াশোনা করতে হবে। একজন দক্ষ আইন বিশেষজ্ঞ হয়ে উঠতে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি তার ব্যবহারিক প্রয়োগের বিকল্প নেই।’
তিনি আইনের বিভিন্ন শাখা এবং হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশনের গঠন ও কাঠামো বিশদভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।



