নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে ছাত্রীকে যৌন হয়রানি এবং অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত অভিযুক্ত ওই শিক্ষককে প্রেরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, তার বিরুদ্ধে উত্থাপিত শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিসংখ্যান বিভাগ একটি ‘সত্যানুসন্ধান’ কমিটির মাধ্যমে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আনীত অভিযোগসমূহ অধিকতর অনুসন্ধান ও সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তদন্ত চলাকালীন তাকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘অধ্যাপক প্রভাস কুমারকে সকল প্রকার প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বাবদ একটা চিঠি আমি পেয়েছি।
এর আগে গত ১৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা এ বিষয়ে বিচার চেয়ে বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এরপর বিভাগ একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি



