রুয়েটে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন, ক্লাস শুরু আগামীকাল

‎তিন ধাপে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন সকাল সাড়ে ৮টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে, সকাল ১০টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের এবং সর্বশেষ ১১টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের।

রুয়েট প্রতিনিধি

Location :

Rajshahi
ওরিয়েন্টেশন ক্লাস
ওরিয়েন্টেশন ক্লাস |নয়া দিগন্ত

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

রোববার (১০ মে) থেকে সকল বিভাগে ক্লাস শুরু হবে। ‎আজ শনিবার রুয়েট অডিটোরিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

‎তিন ধাপে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন সকাল সাড়ে ৮টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে, সকাল ১০টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের এবং সর্বশেষ ১১টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের।

‎এতে প্রধান অতিথি রুয়েট ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার।

‎প্রধান অতিথি রুয়েট ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘রুয়েট একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, যার শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। আজ তোমরা জীবনের নতুন এক অধ্যায়ে পদার্পণ করলে। আমি আশা করি, পড়াশোনার পাশাপাশি তোমরা মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে নিজেদের সমৃদ্ধ করবে। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে তোমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তোমাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার বলেন, ‘আজ থেকে তোমরা রুয়েট পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, আর এই পথচলাকে সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব করে তোলাই ছাত্রকল্যাণ দফতরের অন্যতম দায়িত্ব। ক্যাম্পাসে র‌্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি, তোমরা একদিন দক্ষ প্রকৌশলী হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‎এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দফতর পরিচালক এবং বিভাগীয় প্রধানগণ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

‎অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের শৃঙ্খলা, অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা, নৈতিকতা, সহশিক্ষা কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি র‍্যাগিং, বুলিং ও যেকোনো ধরনের অপ্রীতিকর আচরণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়েও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

‎এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, আধুনিকীকরণ প্রক্রিয়া এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনের চলমান উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

‎এসময় তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল (ইটিই) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থী আলমাস হোসেন আদিব অনুভূতি ব্যক্ত করেন, ‘আমার বাড়ি ঠাকুরগাঁওয়ে। ভর্তি পরীক্ষার পুরো প্রস্তুতিটাই আমি গ্রামের বাসা থেকে নিজ উদ্যোগে সম্পন্ন করেছি। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে গেছি। রুয়েটে ভর্তি হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, এখানে শিক্ষক-শিক্ষার্থী এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটি আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আমরা সবাই একসাথে শেখার ও এগিয়ে যাওয়ার মাধ্যমে রুয়েটকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করব।’

ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, দফতর পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তারা।