কারিগরি উপবৃত্তি কার্যক্রমে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির আবেদন আহ্বান

‘আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে উপবৃত্তি নির্দেশিকা-২০২৩ এর নির্ধারিত আবেদন ফরম (পরিশিষ্ট ‘খ’) যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আগামী ২৫ জুন থেকে ৩০ জুলাইয়ের মধ্যে স্ব-স্ব আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে আবেদনের দুই প্রস্থ (হার্ডকপি) দাখিল করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
কারিগরি শিক্ষা অধিদফতর
কারিগরি শিক্ষা অধিদফতর |সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে কারিগরি শিক্ষা অধিদফতরের চলমান উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রমে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) কারিগরি শিক্ষা অধিদফতরের উপবৃত্তি শাখার জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নিম্ন মাধ্যমিক ভোকেশনাল/নিম্ন মাধ্যমিক দাখিল ভোকেশনাল (৬ষ্ঠ-অষ্টম শ্রেণি), এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি) এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পরিচালনাকারী যে সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অদ্যাবধি উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়নি বা ইতোপূর্বে নাম লেখায়নি, কেবল তারাই এ চলমান কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন।

তবে যে সকল প্রতিষ্ঠান ইতোমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আদেশে বলা হয়, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে উপবৃত্তি নির্দেশিকা-২০২৩ এর নির্ধারিত আবেদন ফরম (পরিশিষ্ট ‘খ’) যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আগামী ২৫ জুন থেকে ৩০ জুলাইয়ের মধ্যে স্ব-স্ব আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে আবেদনের দুই প্রস্থ (হার্ডকপি) দাখিল করতে হবে।

আবেদনের সাথে প্রতিষ্ঠান প্যাডে আলাদা আবেদনপত্র, ইআইএন কোড ও কারিগরি শিক্ষাবোর্ড প্রদত্ত প্রতিষ্ঠান কোডের প্রমাণক, পাঠদানের অনুমোদনের কপি এবং হালনাগাদকরণের কপি বা এফিলিয়েশন ফি পরিশোধের প্রমাণকসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করতে হবে।

আঞ্চলিক পরিচালকরা প্রাপ্ত আবেদন ও নথিপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও মূল্যায়ন করে নিজস্ব মতামতসহ চূড়ান্ত তালিকার এক প্রস্থ হার্ডকপি আগামী ১০ আগস্টের মধ্যে কারিগরি শিক্ষা অধিদফতর পাঠাবেন।

এতে আরো বলা হয়, ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৩’-এর সকল শর্ত ও নিয়মাবলি কঠোরভাবে প্রতিপালন করতে হবে এবং নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। বাসস