গোবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো: খসরুল আলম

‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৩(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: খসরুল আলমকে গোবিপ্রবির ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়েছে।’

মো: নাঈম আশরাফ, গোবিপ্রবি
অধ্যাপক ড. মো: খসরুল আলম
অধ্যাপক ড. মো: খসরুল আলম |নয়া দিগন্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: খসরুল আলম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৩(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: খসরুল আলমকে গোবিপ্রবির ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সংখ্যা পর্যন্ত হবে। প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানী প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।