পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) অধ্যাপক ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তাকে ভিসি পদে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
শিক্ষাজীবনে তিনি ১৯৯১ সালে মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৩ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৯৭ সালে স্নাতক ও ১৯৯৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
বিশ্ববিদ্যালয় জীবন শেষে তিনি শিক্ষা মন্ত্রণালয় ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধীনে পরিচালিত বিভিন্ন দেশী-বিদেশী গবেষণা প্রকল্পে যুক্ত হন। ‘শিক্ষা কমিশন-২০০৩’-এ গবেষণা সহকারী হিসেবে কাজ করে প্রশংসা অর্জন করেন। পরে ২০০৫ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন।
পরে জাপান সরকারের মনবুশো বৃত্তির আওতায় Okayama University থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
গবেষণা ও লেখালেখিতেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ও গ্রন্থে তার ৪০টিরও বেশি গবেষণাপত্র ও নয়টি বই প্রকাশিত হয়েছে। ভেষজ উদ্ভিদ ও মাটির স্ট্রেপটোমাইসিস (Soil Streptomyces spp.) প্রজাতি থেকে নতুন অ্যান্টিবায়োটিক ও কীটনাশক আবিষ্কার নিয়ে তার গবেষণা বিশেষভাবে সমাদৃত।
এছাড়া তার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির ‘কৃষিশিক্ষা’ প্রথম ও দ্বিতীয় পত্র বই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে পাঠ্য হিসেবে পড়ানো হচ্ছে।



