জাবি প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়জুড়ে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং সামাজিক সংগঠনের মধ্যে এক হাজার ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণও করা হয়।
বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় জাকসু ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচিটি পরিকল্পনা অনুযায়ী আয়োজন করা সম্ভব না হলেও এক হাজার ফলদ ও ঔষধি গাছ বিতরণ এবং বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, শুধু পরিবেশ সচেতনতার কথা বললেই হবে না, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বাস্তব উদ্যোগ নিতে হবে। এ কর্মসূচি সেই উদ্যোগেরই অংশ। ভবিষ্যতেও সচেতন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে জাকসুর বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্যাম্পাসের লেক ও পরিবেশ সংরক্ষণে চলমান এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সবুজ ক্যাম্পাস হিসেবে ধরে রাখতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বৃক্ষ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সমান গুরুত্ব দিতে হবে। তিনি জানান, ঈদের পর ব্র্যাকের সহযোগিতায় প্রায় দুই হাজার বৃক্ষরোপণের ধারাবাহিকতায় এবার জাকসুর উদ্যোগে আরো এক হাজার ফলদ ও ঔষধি গাছ বিতরণ এবং রোপণ করা হচ্ছে। আবাসিক হল সংসদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসজুড়ে এসব গাছ রোপণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায়েত মীর বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি জানান, কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদ এবং কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আম, জাম, নিম, পেয়ারা, আতা, আমলকি, আমড়া, করমচা ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট হল ও বিভাগের আশপাশে এসব গাছ রোপণ এবং পরিচর্যার মাধ্যমে সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী অরিত্র সাত্তার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা পরিবর্তনে বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।
কর্মসূচিতে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামাসহ বিভিন্ন বিভাগ, আবাসিক হল সংসদ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


