জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের সামনে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো: সাফায়েত মীরের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এবিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘বর্তমানে জনবল সংকট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ক্যাম্পাসের সৌন্দর্য কিছুটা নষ্ট হচ্ছে, যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমরা চাই পরিচ্ছন্নতা সবার জীবনের অংশ হোক এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় সবাই আগেভাগে সচেতন হই। এই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’
প্রাণিবিদ্যার বিভাগের কীটবিশেষজ্ঞ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, ‘মশা নিয়ন্ত্রণে আগে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। খোলা ড্রেনের ঢাকনা লাগানো, বন্ধ ড্রেন চালু করা এবং জমে থাকা পানি পরিষ্কার করা জরুরি। এসব কাজ খুব ব্যয়বহুল নয়। ছাত্র, শিক্ষক ও প্রশাসন একসাথে কাজ করলে বিশ্ববিদ্যালয়কে মশা নিয়ন্ত্রণের একটি মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।’
প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, ‘এই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখাটা আমাদের জন্য একটি অপরিহার্য বিষয়। এর মাধ্যমে ডেঙ্গুসহ আরো অনেক রকম রোগের প্রাদুর্ভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। বিশ্ববিদ্যালয়ে একটি ডেঙ্গু কন্ট্রোল সেল ছিল। মাননীয় ভিসিকে বলব সেটি পুনর্গঠন করার জন্য। জনবল সংকট বিষয়টি বারবার এসেছে। আমাদের যে শূন্য জনবল, শূন্যপদগুলো আছে, আমাদের বিশ্বাস মাননীয় ভিসি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘পরিচ্ছন্নতা কোনো একদিনের আয়োজন নয়, এটি একটি অভ্যাস, এটা আমাদের সবার মধ্যে গড়ে তুলতে হবে। শুধু পরিচ্ছন্নতা কর্মীদের নয়, পরিবেশ নোংরা না করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি নিজেরাই সচেতন হই, তাহলে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করবো এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরো জোরদার করবো।’
এসময় তিনি সবার অংশগ্রহণেই এই অভিযান সফলতা কামনা করে দুইদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, টিএসসির পরিচালক অধ্যাপক মো: জাকির হোসেন ও জাকসুর নেতৃবৃন্দসহ অফিসার-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



