আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের উৎসাহিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কিউ-১, কিউ-২, কিউ-৩ এবং কিউ-৪ ক্যাটাগরিতে প্রকাশিত গবেষণা প্রবন্ধের জন্য আনুষ্ঠানিকভাবে এ প্রণোদনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক প্রফেসর ড. মুহা: রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন দফতরটির উপপরিচালক প্রফেসর ড. মো: হাবিবুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, ‘আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ এবং বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করার অন্যতম পূর্বশর্ত। গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক জ্ঞানভান্ডারে কুয়েটের অবদান আরো সম্প্রসারণে এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত ও স্বীকৃতি দিতেই কুয়েট এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রণোদনা শিক্ষকদের আরো উচ্চমানের গবেষণা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশে অনুপ্রাণিত করবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং মানবিক ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো: মাহবুব আলম। এছাড়াও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: জহির উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো: সাহিদুল ইসলাম।
প্রকাশনা প্রণোদনা ২০২৫-২০২৬-এর আওতায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ২৭টি গবেষণা প্রবন্ধের জন্য ১৭ জন শিক্ষক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৪টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৪ জন শিক্ষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৭টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৭ জন শিক্ষক এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ১৮টি গবেষণা প্রবন্ধের জন্য ১১ জন শিক্ষককে প্রণোদনা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় অনুমোদিত ‘প্রকাশনা প্রণোদনা বিধিমালা’ অনুযায়ী গঠিত প্রকাশনা প্রণোদনা সহায়তা নির্বাচন কমিটি প্রকাশিত সাময়িকীর মান, আন্তর্জাতিক অবস্থান এবং নীতিমালায় নির্ধারিত অন্যান্য মানদণ্ড পর্যালোচনা করে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য এ ৯৯ জন শিক্ষককে প্রণোদনার জন্য নির্বাচিত করে।
অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশনা প্রণোদনার অর্থ ও সনদ তুলে দেয়া হয়।



