বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২৮ থেকে ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত ‘বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনিট ন্যাশনস কনফারেন্স-২০২৫ (বিইউপিআইএমইউএন)’ শিরোনামে একটি সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শনিবার (৩০ আগস্ট) বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এবং বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল এর তত্ত্বাবধানে এ সম্মেলনঅনুষ্ঠিত হয়।
এর উদ্দেশ্য ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কূটনীতি বিষয়ক শিক্ষা ও ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন করা।
এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৭৪ জন শিক্ষার্থী এবং প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট ১৭টি সেশন অনুষ্ঠিত হয়, যার মধ্যে দুটি প্লেনারি সেশন এবং একাধিক কমিটি সভা জাতিসঙ্ঘের কার্যক্রমের অনুকরণে পরিচালিত হয়।
শিক্ষার্থীরা এর মাধ্যমে নেতৃত্ব, আলোচনার দক্ষতা এবং বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির সুযোগ পায়। অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।



