দীর্ঘ এক যুগ পর পরীক্ষার মাধ্যমে সিলেটে জুনিয়র বৃত্তি পেয়েছে তিন হাজার ১৭ জন শিক্ষার্থী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এরপর সিলেট বিভাগের ফলাফল সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়।
এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০ হাজার ৩১৬ শিক্ষার্থী অংশ নিয়ে তিন হাজার ১৭ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে মেধা (ট্যালেন্টপুল) বৃত্তি পেয়েছে ৯৬০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে দুই হাজার ৫৭ জন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট বোর্ডে শিক্ষার্থীর সংখ্যার আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হয়েছে। এবার সারাদেশে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেলেও সিলেট বোর্ডে সেই সংখ্যার মধ্যে তিন হাজার ১৭ জন স্থান পেয়েছে।
যেভাবে দেখা যাবে ফলাফল:
শিক্ষার্থীরা সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বৃত্তির ফল দেখতে পারবেন। এজন্য-
১. বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://sylhetboard.gov.bd) প্রবেশ করতে হবে।
২. ÔScholarship ResultÕ বা ‘বৃত্তি ফলাফল’ লিংকে ক্লিক করতে হবে।
৩. প্রকাশিত পিডিএফ ফাইল ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে নিতে হবে।
৪. বোর্ডের নোটিশবোর্ডেও এই বৃত্তির ফলাফল পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের ৫ তারিখে শেষ হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা করে পাবেন।



