প্রধানমন্ত্রীর বাস থামিয়ে শুভেচ্ছা জানাল শাবিপ্রবি ছাত্রদল

‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান এর এ সফর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ সিলেট অঞ্চলের সর্বস্তরের ছাত্রদল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
প্রধানমন্ত্রীর বাস থামিয়ে শুভেচ্ছা জানালেন শাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা
প্রধানমন্ত্রীর বাস থামিয়ে শুভেচ্ছা জানালেন শাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রধানমন্ত্রীর বহর থামিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন।

শনিবার (২ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে, সকাল থেকেই বৃষ্টির মধ্যে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। দীর্ঘসময় অপেক্ষার পর প্রধানমন্ত্রীর বহর ফটকের সামনে পৌঁছালে ছাত্রদল নেতাকর্মীরা হঠাৎ করেই বাসের সামনে অবস্থান নেন এবং স্লোগান দিয়ে স্বাগত জানানোর চেষ্টা করেন। এতে সাময়িকভাবে বহরের গতি থেমে যায়। পরে সেনাবাহিনী ছাত্রদল নেতাকর্মীদের সরিয়ে দেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান এর এ সফর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ সিলেট অঞ্চলের সর্বস্তরের ছাত্রদল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, দেশের শৃঙ্খলা, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে যাবে।