সেন্টার ফর চায়না স্টাডিজের সভায় নোবিপ্রবি ভিসি

সভায় নোবিপ্রবি ভিসি বিশ্ববিদ্যালয়ে চলমান অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
ছবি : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সেন্টার ফর চায়না স্টাডিজের (সিসিএস) আয়োজনে আন্তর্জাতিক অ্যাকাডেমিক ও গবেষণা বিষয়ক সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) ঢাবি ভিসির সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সিসিএস ও সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের কো-প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভায় সভাপতিত্ব করেন চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট চেন দোংজিয়াও।

সভায় চীনের টংজি ইউনিভার্সিটি, ইউনান ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন।

সভায় নোবিপ্রবি ভিসি বিশ্ববিদ্যালয়ে চলমান অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে এ বছর টাইমস হায়ার অ্যাডুকেশন কর্তৃক প্রকাশিত বিশ্ববিদ্যালয় (এশিয়া) র‌্যাঙ্কিং ২০২৬ -এ নোবিপ্রবি ৬০১-৮০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। পাশাপাশি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নোবিপ্রবি তৃতীয় স্থানে অবস্থান করছে।’

তিনি আরো বলেন, ‘গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমরা শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহিত করছি। এ ধরনের আন্তর্জাতিক সভা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’