জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) তৎপরতায় ক্যাম্পাসে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ফুটপাত, সাইকেল লেন ও সড়ক উন্নয়ন কাজের উদ্যোগ নেয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই উন্নয়ন কার্যক্রমের প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে।
সোমবার (৩০ মার্চ) জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মাজহারুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে ফুটপাথ নির্মাণের কাজ মূল সড়ক, কামালউদ্দিন হল সড়ক এবং বটতলা থেকে রফিক-জব্বার হল পর্যন্ত কিছু সরু সড়ক ব্যতীত প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কে বাস্তবায়ন করা হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা বিশেষভাবে খেয়াল রাখছি যেন সড়ক সম্প্রসারণের সময় কোনো গাছ কাটতে না হয়। গাছ অক্ষত রেখেই কীভাবে রাস্তার পরিসর বাড়ানো যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই কাজ চলবে।খুব শিঘ্রই টেন্ডার আহ্বান করে নির্ধারিত সময়সীমার মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পর কাজ শুরু হবে। শিক্ষা প্রকৌশল অধিদফতর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে জাকসু একাধিক বৈঠকের মাধ্যমে প্রকল্পের নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করেছে।’
বাজেটের বিষয়ে মাজহারুল ইসলাম বলেন, ‘২০১৮ সালে প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রায় সাড়ে ২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে নকশাগত পরিবর্তনের কারণে এবং বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রকল্প ব্যয় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় প্রকল্পটি পূর্বের বরাদ্দের মধ্যেই বাস্তবায়নের লক্ষ্যে কিছু সড়কের কাজ সীমিত এবং কোথাও কোথাও সম্প্রসারণ পরিকল্পনা আংশিক কমানো হয়েছে।’
এছাড়াও তিনি জানান, জাকসুর তৎপরতায় মেডিকেলে এন্টিবায়োটিক, ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সংযোগ স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, অটোমেশন, বাসে জিপিএস ট্র্যাকিং এ্যাপ, ওয়েস্ট ম্যানেজমেন্টসহ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।



