ভিসি আবু সাদাত মো: সায়েম

সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্প্রসারণ অপরিহার্য

‘দেশে সবুজ ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্প্রসারণ এখন অপরিহার্য হয়ে পড়েছে। আমাদের এখন টেকসই ও স্বনির্ভর নবায়নযোগ্য শক্তির ব্যবহারে এগিয়ে আসতে হবে।’

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ভিসি আবু সাদাত মো: সায়েম
পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ভিসি আবু সাদাত মো: সায়েম |নয়া দিগন্ত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (চুয়েট) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেছেন, ‘দেশে সবুজ ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্প্রসারণ এখন অপরিহার্য হয়ে পড়েছে। আমাদের এখন টেকসই ও স্বনির্ভর নবায়নযোগ্য শক্তির ব্যবহারে এগিয়ে আসতে হবে।’

বুধবার (২৯ জুলাই) অপরাহ্ণে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক এক সেমিনারের প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সেমিনারের শুরুতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশে সেমিনারে আরো আলোচনায় অংশগ্রহণ করেন নরওয়ে দূতাবাস, ঢাকার প্রতিনিধি ও শিক্ষাবিদ-গবেষক প্রফেসর হেনরিক এংমো এবং লিনিয়া ডাল।

এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন নরওয়ে দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড অ্যাডভাইজার সাঈদ মুনতাছির বায়োজিদ, চুয়েটের প্রকৌশলী প্রমিত ঘোষ, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল, সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, প্রাক্তন ছাত্র মিসকাত আহমদ এবং জুলাই যোদ্ধা আবদুল বারেক প্রমুখ।

আয়োজিত সেমিনারে অন্যান্য আলোচকগণ বলেন, বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে; পরিবেশ দূষণ এবং জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতার মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ব। এসব সংকট মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের অপরিহার্য দাবি।

বাংলাদেশ ইতোমধ্যে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, বায়োগ্যাস এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার আরো সম্প্রসারণ করা সম্ভব। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

নরওয়ে দূতাবাসের সহযোগিতায় এবং আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।