দেশের দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান প্রণয়ন ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুতের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কাজীপাড়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি অনুসরণ করে সার্ম অ্যাসোসিয়েটস, ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস, সিন্থেসিস আর্কিটেক্টস ও সিইজিআইএসের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নির্বাচন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রকল্প পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে প্রায় ৭৫ একর জমির ওপর নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব মাস্টারপ্ল্যান, সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও ডিপিপি প্রস্তুত করা হবে।



