এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

‘আমি কাউকে উদ্দেশ করে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন |ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নিজের ‘ব্যক্তিগত’ মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। সেই ব্যাপারে আমি বলতে চাই, আমি কাউকে উদ্দেশ করে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।’

মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করেছেন।

এদিকে, দুঃখ প্রকাশ করার আগে শিক্ষামন্ত্রী বলেন, ‘গতকালকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে না পারার অভিযোগ এসেছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম। তারপরও শিক্ষার্থীদের এই পরীক্ষা নিয়ে দাবি এসেছে।’

শিক্ষামন্ত্রী জানান, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সেসব পরীক্ষা পুনরায় নিতেই হবে।

তবে তিনি পুনঃপরীক্ষা কাদের জন্য এবং কীভাবে নেয়া হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

তিনি বলেন, ‘আমরা ভেবে দেখেছি যে আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন চট্টগ্রাম বোর্ডের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আমরা নিতে যাবো, সেই সময় আমরা এই পরীক্ষা পুনরায় নেয়ার ব্যবস্থা করতে পারবো।’